Advertisement

সন্ধান পাওয়ার পরই স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ চেয়ে ধরা ৫

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
সন্ধান পাওয়ার পরই স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ চেয়ে ধরা ৫
গ্রেপ্তার অপহরণকারী চক্রের পাঁচ সদস্য। ছবি : এশিয়া পোস্ট

পাবনায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—পাবনার দিলালপুর কফিলউদ্দিনপাড়ার মো. আফনান আহম্মেদ আবির (২১), শালগাড়িয়ার মো. নাজমুস সাদাত নাফি (১৯), আমিনপুর থানার দুর্গাপুরের মো. সানজিদ হাসান সুপ্ত (১৯), দিলালপুরের মো. রাকিব হোসেন (১৯) এবং ফায়ার সার্ভিস এলাকার মো. বিশাল শেখ সাদ (২২)।

উদ্ধার হওয়া শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) শহরের মহিম চন্দ্র জুবিলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই পারিবারিক কারণে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইন্দ্রজিৎ। পরিবারের সদস্যরা তার সন্ধান না পেয়ে ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন রাতে স্বজনেরা ইন্দ্রজিতের সন্ধান পেয়ে তাকে বাড়ি নিয়ে আসার পথে দিলালপুর বেলতলা সড়কে একদল দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে তাকে অপহরণ করে। পরে অপহরণকারীরা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

অভিযোগ পেয়ে ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ইন্দ্রজিৎকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পাবনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় ইন্দ্রজিতের মা রিতা রাণী দাস রায় বাদী হয়ে মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় :পাবনা