সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া (৬৫) উত্তর গড়গড়ি গ্রামের কবির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক ও একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুর ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া এবং জমির আলীর পক্ষে সেলিম মিয়া ও রফিক মিয়া আহন হন।
আহতদের মধ্যে সেলিম মিয়াকে গুরুতর অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আহত একজন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





