বান্দরবান জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্যের দায়িত্ব বণ্টন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ১৫ সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পরিষদের কার্যক্রম যথাযথভাবে সম্পাদন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২৭ ধারা অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর জারি করা এক অফিস স্মারকের মাধ্যমে দায়িত্বগুলো বণ্টন করা হয়। স্মারক অনুযায়ী, আদেশ জারির তারিখ থেকেই দায়িত্ব বণ্টন কার্যকর হবে। একই সঙ্গে দায়িত্ব বণ্টনের ১৮০ দিন পর তা পুনর্মূল্যায়ন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
দায়িত্ব বণ্টন অনুযায়ী, চেয়ারম্যান মাম্যাচিং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্ব পেয়েছেন। সদস্য চনুমং পেয়েছেন জেলা মৎস্য ও জেলা ক্রীড়া বিভাগের দায়িত্ব। মং ক্যনু মারমাকে দেওয়া হয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ এবং জন্ম-মৃত্যু ও অন্যান্য পরিসংখ্যানের দায়িত্ব।
লুসাইমং স্বাস্থ্য বিভাগ ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব পেয়েছেন। মাওসেতুং তংচংগ্যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা হর্টিকালচার সেন্টার ও নার্সারির দায়িত্ব পেয়েছেন।
দনওয়াই স্রো পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ব্যতীত ইমপ্রুভমেন্ট ট্রাস্টসহ অন্যান্য শাসনসংক্রান্ত প্রতিষ্ঠান এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া আগস্টিন ত্রিপুরাকে তুলা উন্নয়ন বিভাগে, অংজাই উই চাককে জেলা শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রিয়াল দাও বমকে পর্যটন ব্যবস্থাপনা ও সরকারি গণগ্রন্থাগার, আবদুল মাবুদকে ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এগ্রো সার্ভিস সেন্টার, সেচ, সার ও বীজ বিতরণ উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মশিউর রহমান জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ জসীম উদ্দীন পেয়েছেন জেলা সমাজসেবা বিভাগ ও বাজারফান্ড সংস্থার দায়িত্ব। ক্যউ গ্রু খিয়াং পেয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব। মিজ উৎস্যাসিং জেলা সমবায় বিভাগের এবং কাজী নিরুতাজ বেগম সরকারি শিশু পরিবারের দায়িত্ব পেয়েছেন।
অফিস স্মারকে আরও বলা হয়েছে, এ সংক্রান্ত পূর্বে পরিষদ থেকে জারি করা সব আদেশ বাতিল করা হয়েছে।


