রংপুরে কমছে তিস্তার পানি

উজানের ঢল কমে যাওয়ায় রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময়ে ডালিয়া পয়েন্টে পানি কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
এর আগে, রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে রোববার দিবাগত রাতে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে থাকায় জলাবদ্ধতার উন্নয়ন হয়।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের অভ্যন্তরে রংপুর বিভাগ ও এর উজানে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে আগামী দুই দিন ভারী থেকে অতিভারী এবং পরবর্তী তিন দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি সকাল থেকেই কমতে শুরু করেছে। ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও একই সময়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু ডালিয়া পয়েন্টে পানি কমেছে। কাউনিয়া পয়েন্টেও পানি আরও কমে যাবে।






