বিয়ের চার মাসেই অন্তিম পথযাত্রী সৌম্য ও অন্তি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহত দম্পতি সৌম্য ও অন্তির জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন রাজবাড়ী ইমাম কমিটির সভাপতি ইলিয়াস মোল্লা।
নিহতরা হলেন—রাজবাড়ী পৌর এলাকার মো. মুকুলের ছেলে সৌম্য ও তার স্ত্রী অন্তি। জানা গেছে, মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল। তারা রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
নিহত সৌম্যের বড় চাচা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মাত্র চার মাস আগে ওদের বিয়ে হয়েছিল। আজ তারা দুজনই নেই। আমার ছোট ভাইয়ের একমাত্র সন্তান ছিল সৌম্য। ওরা আমাদের সবার খুব আদরের ছিল। সবাই ওদের জন্য দোয়া করবেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে সৌম্য ও অন্তির মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।