শেরপুরে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার আহমদনগর এলাকার এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া (২৫) ঝিনাইগাতীর গরুহাটি এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, জামাল মিয়া প্রতিদিনের মতো বুধবারও আহমদনগর এলাকার হাসান স্যানিটারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানে নির্মাণকাজ চলাকালে তার হাতে থাকা জিআই তারের একটি অংশ অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং বিদ্যুৎ স্পর্শে পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
