নির্মাণাধীন ভবনের নিচে পড়ে ছিল শ্রমিকের মরদেহ

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লিটন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পেছনে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২২ মিনিটের দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত লিটন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাবার নাম মৃত ইউনুস মিয়া এবং মায়ের নাম মৃত রওশনারা বেগম।
পুলিশের ভাষ্য, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ২২ মিনিটের দিকে লিটন নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের পেছনে নির্মাণাধীন আব্রাহাম ডেভেলপার কোম্পানির ভবন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


