শিবির নেতা সাইফুল্লাহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে দিকে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে পৌর পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
সমাবেশে গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, সেক্রেটারি ফাহিম মন্ডলসহ অন্যরা।
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী বলেন, শিবির নেতা সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাইফুল্লাহর হত্যারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তিনি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বৃষ্টিতেই শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি পৌর পার্ক চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় রোববার (২১ জুন) বিকেলে সাইফুল্লাহ নামে এক শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে। এ ঘটনায় মুকুলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।







