প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন এবং তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চবিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ চালু করা একটি নতুন উদ্যোগ। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যৎ জীবনে তাদের একাধিক পেশা বাছাইয়ের সুযোগ থাকে, সে লক্ষ্যে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম প্রাথমিক স্তরে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তায় বৃত্তির সুবিধাও চালু করা হয়। কাজেই শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের সূচনা হতে হবে প্রাথমিক স্তর থেকেই, যা ধীরে ধীরে সব স্তরে ছড়িয়ে পড়বে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, স্কুলগুলোতে কীভাবে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা মেটানো যায়, তা নিয়ে আমরা ভাবছি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।
সমাবেশে অন্যান্য বক্তারা শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.png)





