কাজের সময় লুটিয়ে পড়েন সুমি, মৃত্যুর আগের দৃশ্য সিসি ক্যামেরায়

সাভারের আশুলিয়ায় ডেকো গ্রুপের প্রতিষ্ঠান আগামী অ্যাপারেলস লিমিটেডে কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু (২৭) নামের এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার সিসি ক্যামেরার ফুটেজে মৃত্যুর আগে তার সঙ্গে এক পুরুষ কর্মকর্তার উত্তপ্ত পরিস্থিতির দৃশ্য দেখা গেছে।
কারখানার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ১ মিনিটে সুমি মেশিনে কাজ করছিলেন। এ সময় এক পুরুষ কর্মকর্তা তার দিকে এগিয়ে যান, মেশিনে আঘাত করেন এবং তার হাত থেকে কাপড় ফেলে দেন। এর কিছুক্ষণ পর মেশিনে বসা অবস্থায় সুমি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে কারখানার চিকিৎসাকেন্দ্র এবং আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে কারখানার ভিতর কর্মরত অবস্থায় সুমি অসুস্থ হয়। সাপ্তাহিক ছুটির দিনেও অতিরিক্ত কাজের চাপ ও কর্তৃপক্ষের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহতের স্বামী সাজ্জাদ জানান, কারখানার এক সহকর্মী তাকে ফোন করে সুমির অসুস্থতার খবর দেন। খবর পেয়ে তিনি কারখানার ফটকে গেলে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়, তবে অন্যদের বাধা দেওয়া হয়। ভেতরে গিয়ে তিনি দেখেন, সুমিকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং চার-পাঁচজন তার হাত-পা চেপে ধরে আছেন। পরে তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজ্জাদের দাবি, এর আগে তার স্ত্রী অসুস্থতা ছিলেন না।
হাসপাতালে মরদেহ হস্তান্তর নিয়ে স্বজনদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সুমি আক্তারের মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান।

