চিত্রা সেতুতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশু নিহত

নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারী ও তার সঙ্গে থাকা দুই বছর বয়সি ছেলের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেনসহ কয়েকজন জানান, ঘটনার আগে ওই নারী বারবার স্থানীয়দের কাছে ট্রেন আসার সময় জানতে চাইছিলেন। পরে তিনি চিত্রা সেতুর রেলসেতুর ওপর উঠে যান। কিছুক্ষণ পর ট্রেন আসলে তিনি শিশুসন্তানকে সঙ্গে নিয়েই লাইনে অবস্থান করেন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, নিহত নারী ও শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।