লেগুনায় কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল দুই শ্রমিকের

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিকবাহী লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও নয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বগার বাজার এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকেরা রাতের পালার কাজ শেষে গন্তব্যে যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেওয়ার সময় উল্টো পথে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। এ সময় এক নারীসহ আরও নয়জন আহত হন। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, নিহত দুজনের মরদেহ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।