আর্জেন্টিনা সমর্থককে রিভলবার দিয়ে পেটানোর অভিযোগ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে পতাকা টানানো কেন্দ্র করে আজাদ হোসেন নামে এক আর্জেন্টিনা সমর্থককে রিভলবার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আজাদ হোসেন তুলাগাছতলা এলাকার আব্দুর রহমানের ছেলে, অভিযুক্ত রিফাত হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে।
ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করেন, কয়েকজন বন্ধুসহ আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে টানাতে যান। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না টানাতে হুমকি দিয়ে আসছিলেন।
ঘটনার সোমবার বিকেলে কোনো ধরনের বাগ্বিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন আজাদ। একপর্যায়ে রিভলবার দিয়ে মাথায় আঘাত করলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, ‘আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি।’ তার কাছে রিভলবার থাকার কথাও অস্বীকার করেন রিফাত।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, রিভলবার দিয়ে আঘাতের ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
