বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কুমিল্লার বরুড়া উপজেলায় দা দিয়ে কুপিয়ে বাবা আলী আকবরকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে ছেলে আবুল কালামের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় আবুল কালামকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বরুড়া পৌরসভার সদর এলাকার পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে এসে হঠাৎ করেই ছেলে আবুল কালাম দা দিয়ে তার বাবা আলী আকবরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন আবুল কালাম। এর আগে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার পর ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
সঞ্জয় সরকার জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’