আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পাবনায় একদলীয় শাসন চলছে। সারের ডিলার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটি দল এককভাবে প্রভাব বিস্তার করছে। অযোগ্য দলীয় ব্যক্তিদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডও পাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি। এই সরকারকে আমরা পাঁচবছর থাকতে দেব না।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পাবনায় এনসিপির সাংগঠনিক অঞ্চল সভা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় নির্বাচনে শক্তিশালীভাবে অংশ নিতে চাই। জাতীয় নির্বাচনে যেভাবে ভোট কারচুপি হয়েছে, স্থানীয় নির্বাচনে তা হতে দেব না। প্রতিটি ইউনিয়নে এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে। স্থানীয় নির্বাচনের মাধ্যমে প্রমাণ করব, জনগণ কাদের পক্ষে রয়েছে।
পাবনার উন্নয়ন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পাবনায় ভালো অবকাঠামো নেই। এমনকি প্রধান সড়কগুলোও ভাঙাচোরা। অথচ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে। প্রশাসনে সংস্কার করতে হবে। পুলিশকেও দলীয়করণ করা হচ্ছে।
বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপির চরিত্র জনগণ আগেই দেখেছে। আওয়ামী লীগের ১৬ বছরের দুর্নীতি ও লুটপাটের বিকল্প বিএনপি হতে পারেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ডাকে ১৬ বছরেও মানুষ সাড়া দেয়নি। এখন বিএনপি ক্ষমতায় এসে একই ধরনের আচরণ করছে।
তিনি আরও বলেন, কথা বলার অধিকার নেই। ফেসবুকে লেখালেখি করলে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হচ্ছে। হ্যাঁ-ভোটের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে, জুলাই সনদের সঙ্গেও প্রতারণা করছে। এই সরকার জাতীয় প্রতারণার সরকার।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এক বছরে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কিছুই করা হয়নি। ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছে। গত আট মাসের দুর্নীতি, লুটপাট ও নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজনকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে। জুলাই যোদ্ধাদের হত্যার উদ্দেশ্যে যারা ঘুরে বেড়াচ্ছে, সরকার তাদেরও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, যদি সরকার পরিচালনা করতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দেন। জনগণ ঠিক করবে কারা দেশ চালাবে। আমাদের নতুন ইতিহাস তৈরি করতে হবে। আমাদের যে শক্তি আছে, তা নিয়েই এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাবনার আহ্বায়ক আখতার হোসেন লেবুর সভাপতিত্বে ও সদস্য সচিব বরকতুল্লাহ ফাহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার প্রমুখ।
