রান্নাঘর থেকে বিষধর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে বিরল প্রজাতির বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে শ্রীমঙ্গলের জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাসায় সাপটি পাওয়া যায়।
জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাসার মহিলারা রান্নাঘর পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ ইঁদুরের গর্ত থেকে একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান তারা। গর্তের ভেতরে তাকালে একটি সাপ দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। ঘরের মালিক তারেক আহমেদ খবর পেয়ে সাপটিকে মারার চেষ্টা করেন, কিন্তু সাপটির হিংস্র আচরণ ও বারবার তেড়ে আসার ভঙ্গি দেখে ভয়ে কেউ আর কাছে যাওয়ার সাহস পাননি।
পরে ঘটনাটি স্থানীয় সংবাদকর্মী আল আমিন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আধা ঘণ্টার প্রচেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় গর্ত থেকে বের করে আনেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধারকৃত সাপটি অত্যন্ত বিষধর। এই প্রজাতির সাপ সচরাচর লোকালয়ে দেখা যায় না। সাপটি বেশ হিংস্র প্রকৃতির ছিল, তবে সেটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।