logo
Advertisement

ডিবির হাতে আটক মাদক কারবারিকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ডিবির হাতে আটক মাদক কারবারিকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলেন সহযোগীরা
মানচিত্রে মাদারীপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

মাদারীপুরের কালকিনি উপজেলায় জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার মাদক অভিযানে আটক এক মাদক কারবারিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়ে গেছেন তার সহযোগীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি উপজেলার পশ্চিম এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঘাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘাকান্দি এলাকায় সুমন মৃধার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ডিবি পুলিশ অভিযানে যাওয়ার আগে বিষয়টি থানাকে জানিয়েছিল। সেখানে গিয়ে ডিবি পুলিশ সুমন মৃধাকে পায়নি এবং পরে ফিরে এসেছে এটুকুই আমি জানি।

তবে পুলিশের একটি সূত্রের দাবি, অভিযানে মাদকসহ সুমন মৃধাকে আটক করা হয়। তাকে নিয়ে ফেরার পথে পশ্চিম এনায়েতনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঘাকান্দি এলাকায় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমনের ছোট ভাই কাইয়ুম মৃধা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালান। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে আটক সুমন মৃধাকে ছিনিয়ে নেওয়া হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাঈম বলেন, সুমনকে ধরতে গেলে আমাদের এক সোর্সকে মারধর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর নিরাপত্তার কারণে আমরা সেখান থেকে চলে আসি।