ফেনী চেম্বার অব কমার্স নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫ প্রার্থী

অবশেষে নির্বাচনের আমেজ ফিরছে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়ন পত্র জমার শেষ দিনে গ্রুপ পরিচালকসহ বিভিন্ন পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার (১০ ও ১১ জুন) সংস্থার ২৪টি পদের বিপরীতে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বলে নিশ্চিত করেছেন চেম্বারের অফিস সেক্রেটারি মেহেরাব হোসেন রিয়াদ।
নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, শীর্ষ পদগুলোর মধ্যে সভাপতি পদে ‘হারুন ফ্লাওয়ার মিলস’-এর স্বত্বাধিকারী হারুন উর রশিদ এবং সিনিয়র সহ-সভাপতি পদে ‘আমানত ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আমান উদ্দিন কায়সার সাব্বির মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই পদে তারা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এছাড়া জুনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন— রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল, মো. মাঈন উদ্দিন, ফরহাদ উদ্দিন চৌধুরী ও ফয়জুল্লাহ নোমানী।
সাধারণ পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন প্রার্থী। তারা হলেন— মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঞা, আবদুল কাইয়ুম, মো. শারাফাত হোসেন চৌধুরী, মো. ইসমাঈল, মোহাম্মদ ইদ্রিস আলী, মো. রায়হান উল্যাহ, আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আফছার মজুমদার ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
সহযোগী পরিচালক পদে জমা দিয়েছেন ১৬ জন। প্রার্থীরা হলেন— তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রমিজ উদ্দিন আহাম্মেদ, মোস্তাফা কামাল, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ আবু তালেব মজুমদার, মোহাম্মদ মাহবুবুল হক, বিবি কুলছুম, মোহাম্মদ তামিম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ, মো. শাহ আলম, মো. নুর নবী জীবন (এন এন জীবন), কামরুল ইসলাম চৌধুরী ও মো. দেলোয়ার হোসেন। অন্যদিকে গ্রুপ পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদুল ইসলাম ভূঞা।
উল্লেখ্য, গত ৪ মে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জিপি মো. নুরুল আমিন খান। এছাড়া সদস্য হিসেবে আছেন ফেনী জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক এবং ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদার।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জিপি মো. নুরুল আমিন খান জানান, মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৭ জুন (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ‘গ্র্যান্ড সুলতান কনভেনশন হল’-এ বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।