জামালপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী।
পরিবার ও হাসপাতাল থেকে জানা যায়, শিশুর বাবা শাহীন মিয়া বাজার থেকে পরিবারের জন্য লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।