ফ্ল্যাটের দরজায় তালা, মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার মরদেহ

রাজশাহী মহানগরীর কেদুর মোড় বৌবাজার এলাকায় নিজ বাসা থেকে বেলী বেগম (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকার বেলী ভিলা নামের তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত বেলী বেগম মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তার সন্তানরা বিদেশে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে বেলী বেগমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তার সন্তানরা। মায়ের খোঁজ না পেয়ে তারা ফ্ল্যাটের মালিককে ফোন করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মেঝেতে রক্তাক্ত অবস্থায় বেলী বেগমকে পড়ে থাকতে দেখা যায়। তার ডান বাহুতে জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে চলে যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বোয়ালিয়া থানা-পুলিশ, বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের কাজ শুরু করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, হত্যাকাণ্ডে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
