ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক
আটককৃত দুই নারী। ছবি : সংগৃহীত

ফেনীতে র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ফেনী র‍্যাবের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১ জুলাই) ফেনী সদর থানার ফতেহপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

আটককৃতরা হলেন কক্সবাজার সদর থানার লাইট হাউস পাড়া এলাকার মৃত সৈয়দ আমীনের মেয়ে নুরন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া থানার ফুলছড়ি এলাকার নুরুল আলমের মেয়ে তসলিমা আক্তার (৩৫)।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ফেনী র‍্যাবের একটি আভিযানিক দল ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশিকালে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় যাত্রীবেশে থাকা ওই দুই নারী তাদের সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ ও শপিং ব্যাগ রেখে তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফেনী র‌্যাবের অধিনায়ক মিজানুর রহমান এশিয়া পোস্টকে জানান, আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় :ফেনী