logo

‘স্বামীকে জীবিত পেলাম না’

‘স্বামীকে জীবিত পেলাম না’

সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামের প্রবাসী শাহ আলম ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে দুপুরে মরদেহ গ্রামে পৌঁছালে বাড়ির সামনে স্থানীয়রা, স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী শেষবারের মতো দেখতে ভিড় করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নয়না আক্তার, সন্তান ও স্বজনরা।

পরিবার জানায়, দুবাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে গত বুধবার একটি ড্রোনের ধ্বংসাবশেষ শাহ আলমের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি দীর্ঘ ২৭ বছর প্রবাসে কাটিয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার সংসারে স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।

স্বামীর মরদেহ বাড়িতে পৌঁছলে আহাজারি করতে করতে অচেতন হয়ে পড়ছিলেন নয়না আক্তার। কান্নার সঙ্গে তিনি বলছিলেন, ‘এত কষ্ট করে সংসার চালাইছে, শেষবারের মতো স্বামীকে জীবিত দেখতে পেলাম না… এখন আমি বাচ্চাগুলারে নিয়ে কীভাবে বাঁচব?’

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আছরের পর গ্রামের বাড়ির পাশের মাঠে শাহ আলমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এশিয়া পোস্টকে বলেন, প্রবাসীর মৃত্যুতে আমরাও শোকাহত। মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা এলে তা যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।