logo
Advertisement

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর শটগান ফেলে পালাল বিএসএফ

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর শটগান ফেলে পালাল বিএসএফ
হাতীবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুপ্রবেশ ও কৃষকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় স্থানীয়দের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা অন্যায়ভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তাদের ওপর চড়াও হন এবং মারধর করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে ধস্তাধস্তির সৃষ্টি হলে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে সীমান্ত ঘেঁষে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।

খবর পেয়ে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। ঘটনার পরপরই বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।