পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে হত্যা, একজনের যাবজ্জীবন

বগুড়ার আদমদীঘিতে পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাজমুল নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খন্দকার। তিনি আদমদীঘি উপজেলার নিমাইদিঘী গ্রামের মৃত নাছির উদ্দিন খন্দকারের ছেলে। অন্য আসামি আঞ্জুয়ারা ও আরিফুল ইসলাম আরিফকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং আইরিন আক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত চার আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) মো. আজাদ হোসেন তালুকদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নিমাইদিঘী গ্রামে বাদী শামসুর রহমানের স্ত্রী পাশের বাগানে পাতা ঝাড়ু দিতে যান। এ সময় আঞ্জুয়ারার সঙ্গে তার কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নির্দেশে আঞ্জুয়ারা শামসুর রহমানের ছেলে নাজমুলের তলপেটে লাথি মারেন। এতে নাজমুল মাটিতে পড়ে গেলে আনোয়ার হোসেন তার গলা চেপে ধরে হত্যা করেন।
এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। চার দিন ধরে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, দণ্ডিত আসামিদের আগে হাজতবাসের সময় থাকলে তা সাজা থেকে বাদ যাবে। সাজা পরোয়ানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপিলের সময়সীমা শেষ হলে অথবা আপিল আদালতের আদেশের পর জরিমানার অর্থ থেকে ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি ১ লাখ ৯০ হাজার টাকা নিহত নাজমুলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
