মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা, নারীসহ পাঁচজন হাসপাতালে

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাজারে প্রকাশ্য স্থানে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে ফরিদ মোল্লাসহ তার পরিবারের সদস্যরা বাড়ির সামনে মাদক বেচাকেনা করতে নিষেধ করলে স্থানীয় মাদক বিক্রেতা কাসেম ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কাসেম ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় আহতদের মধ্যে ফরিদ মোল্লার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য তিনজন বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে চিহ্নিত মাদক কারবারি ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


