সীমান্তে মানুষ হত্যায় কোনো জাতীয়তাবাদী বসে থাকতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা অব্যাহত থাকলেও সরকার কার্যকর প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হচ্ছে। তার ভাষ্য, সীমান্তে মানুষ হত্যা হলে কোনো জাতীয়তাবাদী চুপ করে বসে থাকতে পারে না।
শনিবার (১৬ মে) বিকেল সোয়া ৩টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র পরিচালনায় থাকা ব্যক্তিরা প্রায়ই জাতীয়তাবাদের কথা বললেও সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, একের পর এক হত্যাকাণ্ডের পরও সরকারের নীরবতা জনমনে প্রশ্ন তৈরি করছে।
তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ ক্ষমতা দখলের জন্য নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক দাবি আদায়ের আন্দোলন।
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সরকার পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে জনগণ যে মতামত দিয়েছে, তা উপেক্ষা করা হলে সেটি হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতি অসম্মান। তিনি সতর্ক করে বলেন, জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জুলাই সনদে প্রস্তাবিত সংস্কার কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে এনসিপি আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।


