গ্যাস সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী

দেশের বিভিন্ন মিল-কারখানায় চলমান গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, এটি ‘উত্তরাধিকার সূত্রে’ পাওয়া বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের ধোপাদিঘিরপাড়ে একটি কৃষিবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বাস্তবতা। তবে এ সংকটের স্থায়ী সমাধানে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। দেশের বিভিন্ন মিল ও কারখানা গ্যাস সংকটে ভুগছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়, এটি ‘উত্তরাধিকার সূত্রে’ পাওয়া। তবে সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কাজ করছে। স্থায়ীভাবে সংকট থেকে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন, সেটা দিতে হবে। এই অবকাঠামো তৈরির কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায়ও সরকার কাজ করছে বলে জানান তিনি।
মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ার ছোট আকারের জাহাজগুলো বর্তমানে অন্যত্র কাজে নিয়োজিত রয়েছে। ফলে সেখান থেকে দ্রুত গ্যাস আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা করা যায় কি না, সেটি নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজও এগিয়ে নিতে হবে।



