logo

সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, অবরোধ প্রত্যাহার

সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, অবরোধ প্রত্যাহার
লিখিত বিবৃতি পাঠ করছেন নতুন জয় চাকমা। ছবি: এশিয়া পোস্ট

সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বিবৃতিতে নতুন জয় চাকমা অভিযোগ করেন, ইউপিডিএফের প্ররোচনা ও দলীয় স্বার্থে সাজেক কার্বারী এসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছিল। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করার অভিযোগও তোলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিনের অবরোধের কারণে সাজেকের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ এবং খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বিবৃতিতে নতুন জয় চাকমা কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্তি এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি জানান, কোনো রাজনৈতিক স্বার্থ নয়, সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সরিয়ে নেওয়াসহ ৫ দফা দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছিল ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠন সাজেক কার্বারি এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের ১৯তম দিনে এসে আন্দোলন থেকে সমর্থন প্রত্যাহার করে নিল সাজেক কার্বারি এসোসিয়েশন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণঅধিকার রক্ষা কমিটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।