logo

অটোরিকশা খাদে পড়ে বাবা নিহত, মা-মেয়েসহ আহত ৫

অটোরিকশা খাদে পড়ে বাবা নিহত, মা-মেয়েসহ আহত ৫

মাদারীপুরের কালকিনীতে অটোরিকশা উল্টে খাদে পড়ে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়েসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাঁশগাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাচালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়। এতে চান মিয়া, তার স্ত্রী, মেয়েসহ পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, চালকের অসচেতনার কারণে চান মিয়ার জীবন দিতে হলো। এবং তার পরিবারের পাঁচজন আহত হয়েছে। এই চান মিয়া ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম। আমরা অটোরিকশাচালকের বিচার চাই। 

কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।