logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি প্রবাসী মাহাদি রাজ শুভ। ছবি: সংগৃহীত

‘বড় একটি অ্যাক্সিডেন্ট হোক, ছিন্নবিচ্ছিন্ন হোক দেহ’ ফেসবুকে এমন পোস্ট দেওয়ার দুই মাস পর সড়ক দুর্ঘটনাতেই প্রাণ গেল সৌদি প্রবাসী মাহাদি রাজ শুভর।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে সৌদির রিয়াদ শহরের তোমামা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে সৌদি আরবে যান তিনি।

সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান শুক্রবার (২৯ মে) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাহাদি রাজ শুভ গত কয়েক মাস ধরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। গত ২৫ মার্চ তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘বড় একটি অ্যাক্সিডেন্ট হোক, ছিন্নবিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো সব মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা।’ ফেসবুকে দেওয়া এই পোস্টের প্রায় দুই মাস পর সড়কেই তার মৃত্যু হলো।

শুভর সহকর্মী আরাফাত হোসেন রায়হান জানান, বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মাহাদি রাজ শুভ। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালে রাখা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে সৌদি আরবে যান শুভ। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান রাজন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।