দাওয়াত থেকে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় শিহাব ও সৌরভ নামে দুই সহোদর ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আনোয়ার হোসেন আমানউল্লাহপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ফলোয়ান বাজারের একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুবপুরে একটি দাওয়াত থেকে ফেরার পথে আনোয়ার হোসেন আমানউল্লাহপুরের পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। একই ঘটনায় শিহাব ও সৌরভ নামে দুই ভাইকে পিটিয়ে আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
