ফেনীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার মেম্বার (৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দেলোয়ার মেম্বার সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ চর সাহাভিকারী এলাকার দেলোয়ার মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় সোনাগাজী মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম এশিয়া পোস্টকে জানান, সোনাগাজী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
