logo

বাবার সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
বাবার সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে আটকে আদর দাশ নামে ১৩ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশঘাটা স্টেশন-সংলগ্ন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে অপর দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদর দাশ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীতে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে অসংখ্য গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছে। গোসল করতে নেমে ওই চোরাবালিতে আটকে এই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মাতামুহুরী নদীর চোরাবালিতে আটকে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।