logo

জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয় সিলগালা করার হুমকি

জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয় সিলগালা করার হুমকি

হবিগঞ্জ-৩ আসনে (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদের প্রধান নির্বাচনি কার্যালয় সিলগালার হুমকি দিয়েছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট ও প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মো. হারুন।

তিনি বলেন, গত ২২ জানুয়ারি হবিগঞ্জ পৌরসভার অনন্তপুরের বাসিন্দা মাসুদ রানার কাছ থেকে বৈধভাবে ভাড়া নিয়ে কার্যালয়ে নিয়মিত নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে সেখানে একাধিকবার দলীয় সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগ করা হয়, নির্বাচনের একদিন আগে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার ফোন করে কোনো ধরনের লিখিত নোটিশ বা আইনগত কারণ উল্লেখ না করে মৌখিকভাবে অফিস ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। এমনকি কার্যালয় সিলগালা করার হুমকি দেন তিনি।

অ্যাডভোকেট মো. হারুন বলেন, ইউএনও দাবি করেছেন এটি সরকারি জায়গা। তাহলে এত বছর এ ভবন কেন তিনি উচ্ছেদ করেননি। নির্বাচনের একদিন আগে তার সরকারি জায়গার ওপর মায়া হয়েছে। এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তিনি কোন পক্ষের দ্বারা প্রভাবিত হয়েছেন।

জোট নেতারা বলেন, প্রশাসনের এমন আচরণ নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। যখন ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন, তখন এ ধরনের অপেশাদার ও পক্ষপাতমূলক আচরণ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ, দায়িত্বশীল ও আইনসম্মত ভূমিকা পালনের আহ্বান জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।