ভাঙ্গায় তিন গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ভাঙ্গায় তিন গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনতা অন্তত তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।

জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়। তবে কতটি বাসে আগুন দেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়, তবে অন্তত তিনটি বাসে আগুন দেওয়ার তথ্য পেয়েছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা বিকল হয়ে সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা ডিম সড়কে ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা নিয়ে ছুটে আসে। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তায় থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে অন্তত তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসীর মধ্যে উত্তেজন বিরাজ করছে। তারা মহাসড়কে অবস্থান করছেন।