logo

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হক মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। ওই ভোটকেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখনো চুরি হওয়া সিসি ক্যামেরা দুটি উদ্ধার করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।