তারকাদের রাজনীতিতে টেনে এনে সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষতি করা হয়েছে

বিগত সরকারের সময় ক্রীড়াজগত ও সাংস্কৃতিক অঙ্গনের সুপারস্টারদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই ক্ষতি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং বর্ষায় নজরুল উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দলীয় স্বার্থে যাতে তাদের ব্যবহার করা না হয়, সেজন্য বর্তমান সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকার সচেতন রয়েছে।
কালচারাল ফ্যাসিজম একটি মনস্তাত্ত্বিক বিষয় উল্লেখ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, স্বৈরশাসকরা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে। জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে হবে।
সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে আরও সুসংগঠিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম প্রমুখ।
.png)






