logo

নামের আংশিক মিল থাকায় ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার

নামের আংশিক মিল থাকায় ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় রাকিব হাসান নামে এক কলেজছাত্র ও ব্যবসায়ীকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ভাতিজা রাকিব হাসান বন্ধন একজন কলেজছাত্র ও ব্যবসায়ী। সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সারের ডিলার নিয়োগের জন্য তিনি আবেদন করেছেন। বন্ধনকে সামাজিকভাবে হেয় করার জন্য ২০২৩ সালে ছাত্রলীগের একটি কমিটিতে তার সদস্য পদ রয়েছে বলে অপপ্রচার করা হচ্ছে। ওই কমিটিতে বন্ধন মিয়া নামের এক ছাত্রের নাম রয়েছে কিন্তু তার ভাতিজার নাম রাকিব হাসান বন্ধন। নামের আংশিক মিল থাকার কারণে তাকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার করা হচ্ছে।

আব্দুল খালেক আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তার ভাতিজা মিছিল-মিটিংয়ে ছিলেন। পুলিশের গুলিতে আহত হয়েছেন। এর স্বপক্ষে তিনি কিছু ছবি ও ভিডিও সরবরাহ করেন। এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাকিব হাসান বন্ধন, পাগলা কানাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান মন্ডল, সাধারণ সম্পাদক গনজের আলী খাঁ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক উপস্থিত ছিলেন।

এদিকে কমিটির ব্যাপারে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অনু মুঠোফোনে বলেন, আমরা ২০২৩ সালে একটি আহ্বায়ক কমিটি দিয়েছিলাম। সেই কমিটিতে বন্ধন মিয়া নামের এক ছেলের নাম রয়েছে। সেই বন্ধন আর রাকিব হাসান বন্ধন এক ছেলে নয়। রাকিব হাসান বন্ধনের সাথে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই।