মধুমতি নদীতে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রাব্বি নামে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বর্তমানে তিনজন ডুবুরি নদীতে শিশুটির সন্ধানে কাজ করছেন। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রাব্বি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুর ১টার দিকে একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে রাব্বি নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে নেমে শিশুটির সন্ধানে প্রথমে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর খুলনা বা সংশ্লিষ্ট ডুবুরি দল এসে নদীতে পুরোদমে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে তিনজন ডুবুরি একনাগাড়ে শিশুটির সন্ধানে নিখোঁজ স্থানে কাজ করে যাচ্ছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, তিনজন ডুবুরি অনবরতভাবে শিশুটির সন্ধানে কাজ করে যাচ্ছেন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


