Advertisement

সাভারে ঝুটের গুদামের আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এশিয়া পোস্ট নিউজ, সাভার
সাভারে ঝুটের গুদামের আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সাভারের ব্যাংক টাউন এলাকায় ঝুটের গোডাউনে আগুন। ছবি : এশিয়া পোস্ট

সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় একটি ঝুটের গুদাম থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হিরণ নামের এক ব্যক্তির ঝুটের গুদাম থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, হিরণের গুদামে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে আগুন লাগার প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কাজ পুরোপুরি শেষ হলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বিষয় :সাভার