ভোট গণনার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফল পরিবর্তনের চক্রান্ত হতে পারে : মনি

ভোট গণনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফলাফল পরিবর্তনের চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম মনি।
এ কারণে তিনি সমর্থকদের ভোটকেন্দ্রে মোমবাতি, দিয়াশলাই ও টর্চলাইট সঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা উপজেলার নাছনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, ভোট গণনার সময় একটি পক্ষ পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। অন্ধকারের সুযোগ নিয়ে তারা অন্য প্রার্থীর ভোট নিজেদের বান্ডিলে ঢোকানোর চেষ্টা করবে। তাই অন্ধকারে যেন কোনো ধরনের কারচুপি করা না যায়, সে জন্য ভোটকেন্দ্রে মোমবাতি, দিয়াশলাই ও টর্চলাইট নিয়ে যাওয়ার জন্য সমর্থকদের অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে- ভোটের দিন সকালে তারা নিজেদের পক্ষের ভোটারদের ভোট প্রদান করাবে। পরে দুপুরের দিকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যাতে আতঙ্কে সাধারণ ভোটাররা ভোট দিতে না আসে। তাই আপনারা সবাই সাড়ে ছয়টার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আগে নিজেদের ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৭৫, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি।