টুঙ্গিপাড়ায় ভোট চাওয়া কেন্দ্র করে হামলা, বিএনপি কর্মীসহ আহত ৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোট চাওয়া কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬), ভাতিজা কাউসার শেখসহ আরও দুজন। তাদের মধ্যে তিনজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দেলোয়ার শেখ দাবি করেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। একই গ্রামের জিয়ারুল মোল্লা (২৮) ও দ্বীন ইসলাম মোল্লা (২৫) জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী। নির্বাচনের আগে তাদের বাড়িতে ভোট চাইতে গেলে নানা ধরনের হুমকি দেওয়া হয়। রোববার বিকেলে রাস্তায় গেলে জিয়ারুল ও দ্বীন ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং মাথায় কোপ দেয়। তাকে রক্ষা করতে গেলে স্ত্রী, ভাতিজা ও বাড়িতে বেড়াতে আসা দুজনের ওপরও হামলা করা হয়।
ভুক্তভোগী গৃহবধূ আমেনা বেগম বলেন, রাজনৈতিক বিরোধের জেরে তার স্বামীকে কুপিয়ে আহত করা হয়েছে। হামলাকারীদের বিচার দাবি করেন তিনি।
অভিযুক্ত জিয়ারুল মোল্লা ও দ্বীন ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।