সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে ঘরছাড়া করা প্রকৌশলী ছেলে কারাগারে

এক হাতে পবিত্র কোরআন শরিফ, অন্য হাতে চোখের জল মুছতে মুছতে স্বামীর ভিটা ছেড়ে বেরিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল। নিজের সম্পত্তি ছেলের নামে লিখে দিতে রাজি না হওয়ায় বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন বৃদ্ধা রাশেদা বেগমের (৬৪) একমাত্র ছেলে প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির (৪২)।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর ৫(১) ও ৫(২) ধারায় ছেলে রাশেদুল ইসলাম জাকির এবং পুত্রবধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতির (৩৫) বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে ঢাকা থেকে প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টাসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’
এর আগে ‘১০ মাস ১০ দিন পেটে ধরছি, আজ সম্পত্তির জন্য বের করে দিলি’ শিরোনামে এশিয়া পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। গত মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাতে পবিত্র কোরআন শরিফ নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বাড়ি থেকে বের হয়ে আসছেন রাশেদা বেগম।
ভিডিওতে তিনি আক্ষেপ করে বলছিলেন, ‘১০ মাস ১০ দিন তোকে পেটে ধরছি, আজ তুই আমাকে বাড়ি থেকে বের করে দিলি। সম্পত্তি আর টাকার জন্য আমাকে তাড়িয়ে দিলি। আল্লাহ এর বিচার করবেন।’





