logo

ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ২৩, প্রতিষেধক নেই স্বাস্থ্যকেন্দ্রে 

ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ২৩, প্রতিষেধক নেই স্বাস্থ্যকেন্দ্রে 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় নারী, শিশু, বৃদ্ধ ও যুবকসহ অন্তত ২৩ জন আহত হয়ে চিকিৎসা নিতে স্বাস্থ্যকেন্দ্রে যান। তবে স্বাস্থ্যকেন্দ্রে প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় চরম দুর্ভোগে পড়েন তারা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পৌর এলাকার নিশ্চিন্তপুর, মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এবং আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের দুটি কুকুর আক্রমণ করে কামড় দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই দুটি বেওয়ারিশ কুকুর হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে এবং পথচারী ও এলাকাবাসীর ওপর আক্রমণ করে। এতে নিশ্চিন্তপুর হাইস্কুল পাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী, শিশু অর্ক এবং মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের কন্যা সিনথিসহ অনেকেই আহত হন।

আহতরা চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে গেলেও সেখানে প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় চরম দুর্ভোগে পড়েন। ফলে অনেককেই বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার জানান, দুই দিনে মোট ২২ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে এসেছেন। তবে বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে কোনো রেবিস ভ্যাকসিন মজুত নেই। এ জন্য রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ভ্যাকসিন সংকট থাকলেও যারা আমার কাছে এসেছেন, তাদের বাজার থেকে ভ্যাকসিন কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দ্রুতই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে।