logo

কুষ্টিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, তিন দিন পর মামলা

কুষ্টিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, তিন দিন পর মামলা
কুষ্টিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ভাঙচুর ও হামলা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে কুমারখালী থানায় মামলাটি করেন।

মামলায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে মামলা হওয়ার পরও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) মামলাটি করা হলেও এর জিআর নম্বর পাওয়া যায় বৃহস্পতিবার। দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। কুমারখালী থানায় এটি ১০ নম্বর মামলা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার পরিদর্শনে যান। পরিদর্শন শেষে রাত ৮টা ১৫ মিনিটের দিকে মাজারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান।

মামলার এজাহার।
মামলার এজাহার।

এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে লাঠি, বাঁশ, পাইপ, বাটাম, লোহার রড, পাথর ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশের প্রহরায় তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর ওই রাতেই মামলা করতে কুমারখালী থানায় যান এনসিপির নেতাকর্মীরা। এ সময় অজ্ঞাতনামা হামলাকারীরা থানা ঘেরাও করে তাদের ভয়ভীতি দেখান ও হুমকি দেন। নিরাপত্তার স্বার্থে তারা সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হন। পরে নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করতে বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা এশিয়া পোস্টকে বলেন, মামলাটি নেওয়ার ক্ষেত্রে অনেক অসংগতি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, নাম উল্লেখ করে মামলা নথিভুক্ত করা যাবে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত কারও নাম উল্লেখ না করেই মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় কারও নাম উল্লেখ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে, গত ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।