চুয়াডাঙ্গায় পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে জুনায়েদ নুর ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হালসাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ওই গ্রামের রুবেল মণ্ডলের ছেলে এবং জয়রামপুর মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় জুনায়েদ। গোসলের একপর্যায়ে সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গীরা চিৎকার শুরু করে এবং দ্রুত তার বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দীন জানান, ঘটনাটিতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
