নারীকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির পর ‘হাতকাটা রুবেল’ গ্রেপ্তার

ফেনী জেলা শহরে এক নারীকে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির ঘটনায় অভিযুক্ত ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. রুবেল খান ওরফে ‘হাতকাটা রুবেলকে’ (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তর মো. রুবেল খান ওরফে হাতকাটা রুবেল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কালিকাবাড়ী গ্রামের মো. খোকনের ছেলে। সে বর্তমানে ফেনী পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব উকিল পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর ফেনী মডেল থানাধীন মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনের রাস্তা দিয়ে ভুক্তভোগী নারী যাওয়ার সময় অটোরিকশাচালক রুবেল তাকে দেখে অত্যন্ত নোংরা ও অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। ভুক্তভোগী প্রতিবাদ করলে অটোচালক আরও উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে ওই চালক পরিহিত লুঙ্গি উঁচিয়ে ধরেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে যৌন নিপীড়ন চালায়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত চালককে গ্রেপ্তারের দাবি জানান।
এদিকেবিষয়টি প্রশাসনের নজরে এলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তে নামে ফেনী মডেল থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা বাদীর ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করেন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে। পরে বুধবার একটি বিশেষ অভিযানে চট্টগ্রাম শহর এলাকা থেকে অভিযুক্ত রুবেল খানকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস জানান, অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।