Advertisement

নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, লাগল সহযোগীর বুকে

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, লাগল সহযোগীর বুকে
বেগমগঞ্জ থানা। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের গলিতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে হামলার কোনো কারণ জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয়ে বসেন। রাত পৌনে ১২টার দিকে তিনি সহযোগী সেন্টুকে নিয়ে অফিস থেকে বের হন। দুজন হাঁটতে হাঁটতে হকার্স মার্কেটের প্রধান গলির এক চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেন্টু। এতে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করেই গুলি ছুড়েছিল দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সহযোগীর বুকে লেগেছে।