logo
Advertisement

চাঁদার দাবিতে নববধূকে জিম্মির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

এশিয়া পোস্ট নিউজ
চাঁদার দাবিতে নববধূকে জিম্মির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

মারধর, টাকা আত্মসাৎ ও নববিবাহিতা স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা আবির ইত্তেখারকে শোকজ করেছে সংগঠনের জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শাখা। তিনি উপজেলার মামুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসান ও সদস্য সচিব রাশেদুল ইসলামের কাছে লিখিতভাবে এবং স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

ভুক্তভোগী লিটন মোল্লা অভিযোগ, তিনি প্রবাসে থাকা অবস্থায় কুষ্টিয়ার এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার আগে আবির ইত্তেখার তাকে বাসা থেকে তুলে নিয়ে ক্ষেতলালের বিভিন্ন স্থানে ঘোরান এবং হুমকি-ধমকি দেন। পরে ওই নারী, সাংবাদিক শাহিন মিলনসহ আরও কয়েকজন তাকে বিলের ঘাট এলাকায় নিয়ে মারধর করেন।

তিনি আরও জানান, পরে তাকে ডাবলু কাজির বাড়িতে নিয়ে অস্ত্রের মুখে মারধর করে পাঁচ লাখ টাকা কাবিনে জোরপূর্বক বিয়ে করানো হয়। এ সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও এক লাখ টাকা না দিলে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

লিটন মোল্লা আরও অভিযোগ করেন, বিয়ের পর তার নববিবাহিতা স্ত্রীকে আবির ইত্তেখার, সাংবাদিক মিলন, শাহিন ও বাবু নামের কয়েকজন ব্যক্তি জিম্মি করে রাখেন। তারা তার কাছে এক লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা নেওয়ার পরও তার স্ত্রীকে ফেরত দেওয়া হয়নি। বাকি আরও এক লাখ টাকা দিলে স্ত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। টাকা দিতে না পারায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এ ঘটনায় এখনো কোনো আইনি পদক্ষেপ নেননি বলেও জানান লিটন মোল্লা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, ‘লিটন মোল্লা নামের এক যুবকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার দাবির পরিপ্রেক্ষিতেই বিষয়টি সংগঠনের নজরে আসে এবং অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে আবির ইত্তেখারের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে আবির ইফতেখারের (রাত ১০টা ৫০ মিনিটে) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।