৮ পদে আওয়ামী লীগ ও ৬ পদে বিএনপির জয়, জামায়াতের ভরাডুবি

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ৮ পদে প্রার্থী দিয়ে সবকটিতেই জয়ী হয়েছে আওয়ামী সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। তবে নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতি-সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি।
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় লাভ করেছে বিএনপি এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছে। অপরদিকে জামায়াত সব পদে প্রার্থী দিয়ে একটিতেও জয়লাভ করতে পারেনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এতে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ পুনরায় নির্বাচিত হয়েছেন।
বাকিরা হলেন সহসভাপতি আবদুল মজিদ ও মো. আবুল খায়ের ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জুয়েল ও চাঁদ মনি মোহন, পাঠাগার সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. জামাল উদ্দিন, অডিটর মো. রাকিবুল হাসান অপু, সদস্য আজহার উদ্দিন রকি, মো. নুরুল হুদা মুরাদ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহিম মানিক ও জাফর আহমদ।
নির্বাচন পরিচালনা কমিশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এ কে এম হুমায়ুন কবির, মনির হোসাইন ও আতিক উল্লাহ।
এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি একটি নোটিশে জানিয়েছেন, তাদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৬-২৭ সালের লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়। যদিও এরপরেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।